ইরান যুদ্ধের ব্যর্থতার দায় ইসরাইলের নেতানিয়াহুর ওপর চাপাতে পারেন ট্রাম্প: বিশ্লেষক
ছবি: সংগৃহীত
০৬:০৩ এএম | ০৯ জুন, ২০২৬
ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রত্যাশিত ফল না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়ে উঠছেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ব্যর্থতার জন্য তাকে দায়ী করতে পারেন বলে মন্তব্য করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা।
বিশারার মতে, ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত আলোচনায় তিনি উপস্থিত না থাকলেও তার ধারণা, ট্রাম্প ক্রমশ নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছেন।কারণ যুদ্ধটি প্রত্যাশামতো এগোচ্ছে না এবং যুক্তরাষ্ট্র এখন এক জটিল অবস্থায় আটকে গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই মনে করেন এই যুদ্ধ মানুষ পছন্দ করছে না এবং ট্রাম্প প্রশাসনের ঘোষিত লক্ষ্য অর্জনেও ব্যর্থ হয়েছে।
একদিকে ওয়াশিংটন পূর্ণমাত্রার যুদ্ধে ফিরতে পারছে না, অন্যদিকে ইরানকে নিজেদের শর্তে শান্তিচুক্তিতে বাধ্য করতেও সক্ষম হচ্ছে না।
বিশারার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প শুরুতে কঠোর অবস্থান নিয়ে ইরানের কাছে “সম্পূর্ণ আত্মসমর্পণ” দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও অক্ষত রয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, “ঘোষিত লক্ষ্য অনুযায়ী ট্রাম্প বা নেতানিয়াহু আসলে কী অর্জন করেছেন?” তার মতে, এই ব্যর্থতার কারণেই ট্রাম্প ভবিষ্যতে যুদ্ধের দায় নেতানিয়াহুর ওপর চাপাতে পারেন।
বিশ্লেষক আরও বলেন, নেতানিয়াহুর অবস্থান তুলনামূলকভাবে বেশি সামরিকমুখী এবং তিনি সংঘাতকে আরও বিস্তৃত করার পক্ষপাতী বলে মনে হয়। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত ও রাজনৈতিক চাপও বাড়ছে।
মারওয়ান বিশারার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান-ইসরাইল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
এমআর/টিএ