© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ২০২৬যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মেলেনি সোমালিয়ান রেফারির

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি মেলেনি সোমালিয়ান রেফারির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ০৯ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপ-২০২৬ এ অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতানকে। এর ফলে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। অথচ আরতানেরই বিশ্বকাপের কোনো ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালি রেফারি হওয়ার কথা ছিল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সেরা রেফারি নির্বাচিত আরতানের বৈধ ভিসা ছিল।

তবে ফিফার এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে পারবেন না।

তিনি আরও জানান, আয়োজক দেশের অভিবাসন প্রক্রিয়া, ভিসা অনুমোদনসহ অন্যান্য বিষয়ের সঙ্গে ফিফা জড়িত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত রেফারি আরতানের বিষয়ে সিদ্ধান্তের কোনো পরিবর্তন করা হবে না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্যাট্রোল (সিবিপি) রেফারির নাম উল্লেখ না করে এক বিবৃতিতে জানায়, শনিবার ইস্তাম্বুল থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো এক সোমালি নাগরিককে নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগের কারণে প্রবেশের অযোগ্য বলে বিবেচনা করা হয়েছে।

কিন্তু সংস্থাটি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেনি। তবে জানায়, প্রবেশের অনুমতি প্রত্যাখ্যানের আগে রেফারির ওপর নিয়মিত অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল।

উল্লেখ্য, গত বছর ওয়াশিংটন সোমালিয়াসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ব্যাপক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কেএন/এসএন

মন্তব্য করুন