© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় টেস্টে আর্চারকে পাওয়ার আশায় ম্যাককালাম

শেয়ার করুন:
দ্বিতীয় টেস্টে আর্চারকে পাওয়ার আশায় ম্যাককালাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৭ এএম | ০৯ জুন, ২০২৬
নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে না খেলা জফ্রা আর্চারকে পরের ম্যাচে পেতে আশাবাদী ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তবে ওভাল টেস্টের একাদশে গতিময় পেসারকে রাখার নিশ্চয়তা দেননি তিনি।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা আর্চার এখন বিরতিতে আছেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা শেষে পর্যাপ্ত সময় না থাকায় তাকে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখেনি ইংল্যান্ড। ৯৯৬ বলের ম্যাচটি ১১৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।



সিরিজের শেষ দুই টেস্টে খেলার লক্ষ্যে এখন বারবাডোজে নিজেকে প্রস্তুত করছেন আর্চার। লর্ডসেজয়ের পর ম্যাককালাম জানান, আগামী ‘দুই-এক দিনের মধ্যে’ এই পেসারকে পরের ম্যাচে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

“দ্বিতীয় টেস্টে তাকে পেতে আমরা আশাবাদী; এরপর ওখানকার কন্ডিশন বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। সে একটি পরিকল্পনা অনুসরণ করছে। জফের (জফ্রা আর্চার) ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অতীতে সে দেখিয়েছে, আমরা যে পরিকল্পনা করি, সেটি মেনে নিজেকে সেভাবেই প্রস্তুত করতে পারে। আমরা তাকে যেমন অবস্থায় চাই, সে সবসময় সেভাবেই দলে ফিরে আসে।”

পরের টেস্ট খেলার জন্য আর্চার ফিট থাকলেও একাদশে তার সুযোগ পাওয়া যে নিশ্চিত নয়, সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন ম্যাককালাম। কন্ডিশনের ওপর ভিত্তি করছে এই ক্রিকেটারের পরের টেস্ট খেলা।

গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে ফেরার পর পাঁচ টেস্ট খেলে ২৭.৮৮ গড়ে ১৮টি উইকেট নিয়েছেন আর্চার। গত ডিসেম্বরে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে ইনিংসে পাঁচ শিকার ধরার কীর্তিও গড়েছেন তিনি।

কেবল একজন নির্দিষ্ট পেসারের ওপর নির্ভর না করে শক্তিশালী পেস বোলিং আক্রমণের বড় একটি গ্রুপ গড়ে তুলতে চান ম্যাককালাম।

“কেমন কন্ডিশনের মুখোমুখি হতে যাচ্ছি, তার ওপর ভিত্তি করে বেছে নেওয়ার জন্য অনেক পেসার প্রয়োজন আমাদের। সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। তবে জয়ের সর্বোচ্চ সুযোগ তৈরি করতে কন্ডিশন অনুযায়ী উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করছি।”

আগামী ১৭ জুন শুরু হবে ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্ট।

আরআই/ এসএন

মন্তব্য করুন