© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানযুদ্ধে ফের জড়ালে আমরা আর নেতানিয়াহুর সাথে নেই: ট্রাম্প

শেয়ার করুন:
ইরানযুদ্ধে ফের জড়ালে আমরা আর নেতানিয়াহুর সাথে নেই: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ০৯ জুন, ২০২৬
ইরানে আবারও হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এবং মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, 'আমি বলেছি, বিবি, সাবধান হওয়া ভালো, অন্যথায় খুব শিগগিরই তুমি একা হয়ে পড়বে।'

এছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি উভয় পক্ষকে অবিলম্বে 'গোলাগুলি' বন্ধের নির্দেশ দিয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে রোববার এই নতুন উত্তেজনার সূত্রপাত হয়। এর জেরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। রোববার সন্ধ্যায় ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে পাল্টা জবাব না দেওয়ার অনুরোধ জানালেও তা উপেক্ষা করে সোমবার ভোরের দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হানার পর ইরানও ইসরায়েলের হাইফায় অনুরূপ কারখানা ও দুটি বিমান ঘাঁটি নিশানা করে। অবশ্য ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই পশ্চিম তীরের আকাশে ধ্বংস করা হয়েছে।

গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাত। তবে এই পাল্টাপাল্টি হামলার পর উভয় দেশ তা সাময়িকভাবে বন্ধ করতে সম্মত হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, তিনি ট্রাম্পকে বলেছেন যে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে। তিনি দাবি করেন, তেহরানের ওপর আঘাত হানার পর তারা হামলা বন্ধ করায় রণাঙ্গনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইরান ফের হামলার ভুল করলে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার খবরকে ছোট করে দেখে বলেছেন, 'মাঝে মাঝে প্রিয়জনদের মধ্যেও একটু-আধটু ঝগড়া হয়।' তাঁর দাবি, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু পরিস্থিতি শান্ত করার সিদ্ধান্ত নিলেও, মার্কিন প্রেসিডেন্ট ভালো করেই বোঝেন যে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত বিনা জবাবে সহ্য করবে না।

অন্যদিকে, এই উত্তেজনা বৃদ্ধির জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনার অন্যতম পক্ষ হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ আটক, দক্ষিণ লেবাননে হামলা বা অন্য যেকোনো উপায়ে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে এর দায় যুক্তরাষ্ট্রের ওপরই বর্তাবে।

পাশাপাশি, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে চালানো 'নাসর' বা 'বিজয়' নামের এই অভিযান ইরানের প্রতিরোধ সক্ষমতার নতুন স্তর প্রমাণ করেছে এবং ইসরায়েলকে ফের যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করতে বাধ্য করেছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত থামাতে ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। এর মধ্যেই এই নতুন সংঘাত ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলল।

এমআর/টিএ 

মন্তব্য করুন