বড় ব্যবধানে হারের পর ইংলিসের মুখে পরাজয়ের স্বীকারোক্তি
ছবি: সংগৃহীত
০৫:০১ এএম | ১০ জুন, ২০২৬
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলতেই থেমে যায় তাদের ইনিংস। পরে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৪ রান। টাইগারদের রান তোলার গতি শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে ছিল। শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পুঁজি তিনশ ছুঁতেও পারত। তবে অজি অধিনায়ক মনে করছেন, ২৩০-২৪০ এর মতো রান হলে চেজযোগ্য হতো।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দিক থেকে এটা বেশ হতাশাজনক একটি স্কোর ছিল। স্পষ্টতই আমরা সম্ভবত চার-পাঁচটি ক্যাচও মিস করেছি। আর ২৮৪ রান যদি ২৩০ বা ২৪০-এর মতো হতো, তাহলে আমি মনে করতাম এটা খুবই চেজযোগ্য ছিল। কিন্তু সামগ্রিকভাবে এটা একটা হতাশাজনক দিন ছিল।”
অস্ট্রেলিয়ার বোলার নাথান এলিসের পারফরম্যান্সের প্রশংসা করে ইংলিস বলেন, “আমি মনে করি নাথান আবারও অসাধারণ ছিল। খেলার তিনটি বিভাগেই সে খুব ভালো পারফর্ম করেছে। সে তার ভ্যারিয়েশনগুলো দারুণভাবে ব্যবহার করেছে এবং ফিল্ড সেটিংও খুব ভালোভাবে ম্যানেজ করেছে। তার দিনটা সত্যিই ভালো গেছে।”
এলিস ১০ ওভারে ৩৮ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। দুই ওপেনার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ছাড়াও তানভীর ইসলামের উইকেট নেন এই অজি পেসার।

ব্যাটিং চেজ নিয়ে তিনি আরও বলেন, “আলোচনাটা ছিল শুধু ক্রিকেট শট খেলা নিয়ে। আমি মনে করি উইকেটটা বেশ ভালো ছিল। কিন্তু শুরুতেই দুইটি উইকেট হারানো আমাদের জন্য বড় ধাক্কা ছিল। এরপর ইনিংসের বিভিন্ন সময়ে কিছু ব্যাটার সেট হয়েছিল, কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেনি। আর আমাদের কোনো বড় জুটিও হয়নি, যেটা আমাদের কাছাকাছি নিতে পারত।”
ইনিংসের প্রথম বলেই ওপেনার ম্যাথু শর্ট বোল্ড হন তাসকিনের বলে। পরের ওভারেই মারনাস লাবুশেনকে শিকার করেন মুস্তাফিজুর রহমান। তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। ১৫৬ রানে হারিয়ে ফেলে ৯টি উইকেট। তবে শেষ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের দাপটে প্রথম ম্যাচে টিকতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা অস্ট্রেলিয়ার।
পরবর্তী ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইংলিস বলেন, “আমরা এখন কন্ডিশনগুলো দেখে নিয়েছি, আজকে খুব ভালো ছিল না, কিন্তু কয়েক দিনের মধ্যেই আমাদের আরেকটা সুযোগ আছে।”
এসকে/টিএ