© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারও মনে সন্দেহ থাকা উচিত নয় যে, আমরা আমাদের সর্বস্ব দিয়েই খেলব: মেসি

শেয়ার করুন:
কারও মনে সন্দেহ থাকা উচিত নয় যে, আমরা আমাদের সর্বস্ব দিয়েই খেলব: মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ পিএম | ১০ জুন, ২০২৬
ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় আকস্মিক ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। উদ্বেগ-উৎকণ্ঠা ছাপিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি এবং আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে বদলি নেমে গোলও করেছেন।

যাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল, তা এক নিমিষেই দূর করে দিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

দলের প্রথম ম্যাচ শুরুর এক সপ্তাহ আগে মেসি বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের সবটা দেবে, তাদের শিরোপার ক্ষুধা আগের মতোই তীব্র!



আলাবামায় অবার্নে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৭০তম মিনিটে মাঠে নামার ১১৯ সেকেন্ড পরই পেনাল্টি থেকে গোল করেন মেসি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার রোমাঞ্চে কি ভাসছেন তিনি, এমন প্রশ্নে তার উত্তর, ‘আমি শুরু থেকে এটা উপভোগ করছি। আমি খুশি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং অনেক রোমাঞ্চিত। আমার খুব ভালো লাগছে। আমি কিছুক্ষণের জন্য হলেও খেলতে আগ্রহী ছিলাম।

এখানে আসার পর থেকে পেশীর ক্লান্তিতে ছিলাম। আমি চাইছিলাম মাঠে নেমে ইনজুরির ভয় দূর করতে, যেন আমি সাবলীল থেকে খেলতে পারি। আমাদের আরও এক সপ্তাহ আছে সবাইকে ফিট পাওয়ার এবং প্রথম ম্যাচের জন্য।’

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দল হিসেবে শিরোপা রেখে দেওয়ার হাতছানি তাদের সামনে। মেসি আশাবাদী, ‘আমাদের অনেক আশা, সবসময়ের মতো, যখন প্রতিযোগিতা শুরু হয়, বিশেষ করে বিশ্বকাপ। আমি বলেছি, এই দল কখনো আপনাকে হতাশ করবে না এবং প্রতিপক্ষ কিংবা প্রতিযোগিতা যেটাই হোক না কেন, তারা সেটা প্রমাণ করেছে। তারা দেখিয়ে যাবে যে তারা একই আকাঙ্ক্ষা ও উদ্যম নিয়ে কাজ করে।’

তিনি আরও বলেন, ‘আমরা যা অর্জন করেছি, সেটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের সর্বস্ব দিতে যাচ্ছি, যেমনটা সবসময় দেই। কারও মনে সন্দেহ থাকা উচিত নয় আমরা আমাদের সর্বস্ব দেবো। আমরা সবসময়ের মতো সর্বোচ্চটা দিয়ে খেলব। ঠিক যেমনটা আমরা সবসময় করেছিলাম, যখন আমি এই দলে ছিলাম। কখনো কাজ করেছে, কখনো করেনি, কিন্তু আমরা যথেষ্ট ভাগ্যবান যে গত কয়েক বছরে ইতিবাচক ফল পেয়েছি।’

আগামী ২৪ জুন ৩৯তম জন্মদিন পালন করবেন মেসি। মঙ্গলবার তার ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচে ১১৭তম গোল করলেন। তাতে আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে গোল করলেন, ভেঙেছেন ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সী অ্যাঞ্জেল লাবরুনার রেকর্ড।

এফআর/টিকে

মন্তব্য করুন