মেসি-পেলে বিতর্কে আগুয়েরোর মতামত
ছবি: সংগৃহীত
০৬:২২ পিএম | ১০ জুন, ২০২৬
ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রায়ই মুখোমুখি দাঁড় করানো হয় লিওনেল মেসি ও পেলের নাম। তবে আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো মনে করেন, দুই যুগের দুই কিংবদন্তিকে তুলনা করা মোটেও সহজ নয়।
সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম টুইচে ইবাই ইয়ানোসের সঙ্গে আড্ডার সময় মেসি ও পেলেকে নিয়ে নিজের মতামত প্রকাশ করেন আগুয়েরো। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, মেসি নাকি পেলে—কে সেরা?
জবাবে আগুয়েরো বলেন, ‘আমি কখনো পেলের খেলা দেখিনি। তিনি অবশ্যই অসাধারণ ছিলেন, কিন্তু আমি তাকে খেলতে দেখিনি।’
এরপরই তিনি যোগ করেন, ‘তখন গোলরক্ষকরা গ্লাভসও পরতেন না।’

আগুয়েরোর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। যদিও তিনি সরাসরি পেলের সমালোচনা করেননি, তবে তার বক্তব্যে ফুটবলের ভিন্ন দুই যুগের বাস্তবতার প্রসঙ্গ উঠে এসেছে।
ফুটবল ইতিহাসে পেলের নামের পাশে রয়েছে তিনটি বিশ্বকাপ শিরোপা, যা এখনো অনন্য। অন্যদিকে লিওনেল মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে পূর্ণতা দেন।
গোল, অ্যাসিস্ট, শিরোপা ও ব্যক্তিগত অর্জনের বিচারে দুজনই ফুটবল ইতিহাসের সেরা নামগুলোর মধ্যে অন্যতম।
টিজে/টিএ