বিশ্বকাপেই চোখ রোনালদোর, বিদায়ের আলোচনা উড়িয়ে দিলেন পর্তুগালের কোচ
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ১০ জুন, ২০২৬
বিশ্বকাপের আগে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ হতে পারে—এমন আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রোনালদোর মনোযোগ এখন শুধুই আসন্ন বিশ্বকাপকে ঘিরে।
মার্টিনেজের মতে, ৪১ বছর বয়সেও রোনালদো জাতীয় দলের জন্য একই রকম নিবেদিত। দলের অধিনায়ক প্রতিদিনই ভাবেন কীভাবে দলকে আরও ভালোভাবে সাহায্য করা যায়। ভবিষ্যৎ বা অবসর নিয়ে নয়, পুরো দলই এখন নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্যেই কাজ করছে।
রোনালদোর প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘আমাদের অধিনায়ক (রোনালদো) নিজের সবটুকু উজার করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দিনের ২৪ ঘণ্টাই জাতীয় দলকে নিয়ে ভাবছেন, কীভাবে দলকে সাহায্য করা যায়। আমাদের অধিনায়ক এবং বাকি খেলোয়াড়রা কেউই ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। আমরা জানি না ভবিষ্যতে কী হবে। আমাদের ফোকাস ট্রেনিংয়ে, সেরা হতে।'

পর্তুগালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনও জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কোচ স্পষ্ট করে জানিয়েছেন, অতীতের সাফল্যের কারণে নয়, বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে দলে রাখা হয়েছে।
আসন্ন বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়স বাড়লেও গোল করার ক্ষমতা কমেনি। মার্টিনেজের অধীনে ৩০ ম্যাচে ২৫ গোল করে রোনালদো এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড়দের একজন।
এদিকে, পর্তুগাল এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। দেশের প্রেসিডেন্টও দলকে কাঙ্ক্ষিত ট্রফি ঘরে তোলার আহ্বান জানিয়েছেন। সেই স্বপ্ন পূরণের অভিযানে সবচেয়ে বড় ভরসার নাম এখনও ক্রিস্টিয়ানো রোনালদো।
টিজে/টিএ