প্লেন থেকে নামতেই তল্লাশি, ফুটবলারদের চরম অপমান
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ১০ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে সেনেগাল ফুটবল দলের খেলোয়াড়দের কড়া নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হওয়ার একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, সাদিও মানে ও কালিদু কুলিবালির মতো বিশ্বমানের তারকাদের উপস্থিতিতে সেনেগালের পুরো দলকে টেক্সাসের সান আন্তোনিও বিমানবন্দরের টারম্যাকে (রানওয়ের পাশে) মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। ফুটবলাররা বিমান থেকে নামার পর খোলা আকাশের নিচেই তাদের মালপত্রের পাশে দাঁড়িয়ে এই পরীক্ষার মুখোমুখি হন।
ভিডিওটি ভাইরাল হতেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেন, স্পেন বা অন্যান্য দেশের দলগুলোর ক্ষেত্রে এমন কোনও দৃশ্য দেখা যায়নি, তবে সেনেগালের মতো আফ্রিকান দলের সঙ্গে কেন এই বৈষম্যমূলক আচরণ করা হল?
নেটিজেনদের একাংশ এমনও দাবি করেন যে, নিউইয়র্কে উজবেকিস্তান দলের সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। এই পুরো ঘটনাকে অনেকেই ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন।
তবে বিতর্ক চরম রূপ ধারণ করায় সেনেগালিজ ফুটবল ফেডারেশন (FSF) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পুরো বিষয়টি পরিষ্কার করেছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। এই তল্লাশি সান আন্তোনিওতে নামার পর হয়নি, বরং নর্থ ক্যারোলাইনার রলি বিমানবন্দর থেকে সান আন্তোনিও যাওয়ার ব্যক্তিগত বিমানে ওঠার সময় করা হয়েছিল।
খেলোয়াড়দের সুবিধার্থে এবং সময় বাঁচাতে দলটিকে হোটেল থেকে বাসে করে সরাসরি বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। ফলে মূল টার্মিনাল বা সাধারণ বোর্ডিং লাউঞ্জে না গিয়ে বিমানের নিচে খোলা টার্ম্যাকেই সব নিয়মানুসারে নিরাপত্তা ও পুলিশি পরীক্ষা সম্পন্ন করা হয়।
এই বিতর্কের মাঝেই সেনেগাল দল বিশ্বকাপে ভালো কিছু করতে মরিয়া। এবার ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তারা, যার মূল আকর্ষণ ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
টিজে/টিএ