© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপে ৩টি সমীকরণ মিললে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপে ৩টি সমীকরণ মিললে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৬ এএম | ১১ জুন, ২০২৬
প্রায় ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক ফুটবলে মুখোমুখি হননি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শেষবার ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও জুভেন্টাসের ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছিলেন তারা। এরপর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ভিন্ন পথে চলায় আর দেখা হয়নি দুই মহাতারকার।

তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই প্রতীক্ষার অবসান হতে পারে। টুর্নামেন্টের ড্র অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে এবং পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। নির্দিষ্ট কিছু সমীকরণে বিশ্বকাপের নকআউট পর্বে আবারও মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। খবর এনডিটিভির।


যে তিন সমীকরণ মিললে মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই হতে পারে-



১. কোয়ার্টার ফাইনালে মহারণ: যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা টুর্নামেন্টের একই দিকের নকআউট ব্র্যাকেটে চলে যাবে। এরপর দুই দলই যদি নিজেদের ‘রাউন্ড অব ৩২’ এবং ‘রাউন্ড অব ১৬’ এর ম্যাচগুলোয় জয় পায়, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে মেসি বনাম রোনালদো মহারণ।

২. শেষ ষোলোতেই দেখা: যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্স-আপ হিসেবে নকআউটে ওঠে তাহলেও তাদের দেখা হওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনাল নয়, সমীকরণ অনুযায়ী সরাসরি ‘রাউন্ড অব ১৬’র লড়াইয়েই মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। তবে টুর্নামেন্টের শক্তি বিবেচনায় এই সম্ভাবনা কিছুটা কম বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

৩. স্বপ্নের ফাইনাল দ্বৈরথ: যদি আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে যেকোনো একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্য দলটি রানার্স-আপ হিসেবে নকআউটে ওঠে, তাহলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলের পথ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আর এই সমীকরণ মিললে মেসি ও রোনালদোর মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ থাকবে স্বপ্নের ফাইনালে! আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ফাইনালে শিরোপার লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হতে পারেন এই দুই কিংবদন্তি।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা দুই মহাতারকার জন্যই এটি সম্ভবত শেষ বিশ্বকাপ। তাই শেষবারের মতো বিশ্বমঞ্চে মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আশায় এখন বুক বাঁধছেন কোটি কোটি ফুটবল ভক্ত।

এসকে/এসএন

মন্তব্য করুন