© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘অস্থায়ী কারাগার’

শেয়ার করুন:
বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হচ্ছে ‘অস্থায়ী কারাগার’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ১১ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টুর্নামেন্ট চলাকালে ভিড় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে একটি অস্থায়ী কারাগার বা মডুলার কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন। এই উদ্যোগ ইতোমধ্যে ‘বিশ্বকাপ জেল’ নামে পরিচিতি পেয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে সম্ভাব্য বিপুল সংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে এবং শহরের বিদ্যমান আটক ব্যবস্থার সীমাবদ্ধতা মোকাবিলায় এই অস্থায়ী কারাগার তৈরি করা হবে। স্থানীয় পর্যটন সংস্থা ‘ভিজিট কেসি’ জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী ক্যানসাস সিটি সফর করবেন।

ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আর্জেন্টিনার একটি গ্রুপ ম্যাচ, পাশাপাশি রাউন্ড অব ৩২ এবং কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলগুলো শহরটিতে বেস ক্যাম্প স্থাপন করবে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, বড় ইভেন্টে ছোটখাটো অপরাধ, বিশৃঙ্খলা ও আইন লঙ্ঘনের ঘটনা বাড়তে পারে। এসব পরিস্থিতি সামাল দিতেই ১০০ আসনের একটি অস্থায়ী জেল তৈরির প্রস্তাব দেয়া হয়েছে, যা ভবিষ্যতে স্থায়ী কারাগার না হওয়া পর্যন্ত ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই এটি চালু করার লক্ষ্য ছিল, তবে কাজ সময়মতো শেষ হয়নি। অন্যদিকে, কাউন্সিলম্যান ওয়েস রজার্স বলেন, বড় জনসমাগমের সময় শহরে ভিড়, মদ্যপান ও ছোটখাটো বিশৃঙ্খলা মোকাবিলায় এই ব্যবস্থা প্রয়োজন।

তবে এই পরিকল্পনা নিয়ে সমালোচনাও দেখা দিয়েছে। অভিবাসনবিরোধী কিছু সংগঠন এবং স্থানীয় মহল আশঙ্কা করছে, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই-এর মাধ্যমে আটক কার্যক্রম আরও বাড়াতে পারে।

এমআর/টিএ  

মন্তব্য করুন