তিন দেশে ভিন্ন সময়ে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন বিশ্বখ্যাত তারকারা
ছবি: সংগৃহীত
০৬:৪৩ পিএম | ১১ জুন, ২০২৬
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ৩ দেশে ভিন্ন সময়ে ৩টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। জমকালো আয়োজনে কী থাকছে, বাংলাদেশ সময়ে কখন এ তিন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্য একনজরে দেখে নিতে পারেন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করেছে তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন স্বাগতিক দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা।
এক নজরে তারকা বহুল বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী আয়োজন ও সময় সূচি-
বৃহস্পতিবার (১১ জুন), মেস্কিকো
বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হওয়া জমকালো আয়োজনে থাকছে-

আয়োজন: মেক্সিকোর ঐতিহ্যবাহী 'পাপেল পিকাডো' শিল্প ও আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন। সেখানে তুলে ধরা হবে দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্ম।
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন পপতারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।
শুক্রবার (১২ জুন), কানাডা
বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তার আগে টরন্টো স্টেডিয়ামে ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আয়োজন: কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্যের প্রদর্শনী।
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
শনিবার (১৩ জুন), যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সময় সকাল ৭টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের জমকালো উদ্বোধনী আয়োজন।
আয়োজন: প্রযুক্তিনির্ভর বড় পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক মঞ্চায়নে জমকালো আলো ও রংয়ের প্রদর্শনী।
তারকারা: মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।
মেক্সিকো, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস- তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ও উপস্থাপনা আলাদা হলেও মূল বার্তা একটাই। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভেদ ভুলে মানুষকে এক সুতোয় গাঁথার শক্তিকেই তুলে ধরা হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে।
এবারের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। এর আগে তিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠান ও বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন তিনি।
তিন দেশের যৌথ জমকালো আয়োজন ও সাংস্কৃতিক বৈচিত্র্যই এবারের বিশ্বকাপের মূল বার্তা। সেই উদ্বোধনী অনুষ্ঠানগুলো ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
এসএ/টিএ