ব্যথা সয়েই ম্যাচ জিতিয়ে মুস্তাফিজ বললেন- 'আলহামদুলিল্লাহ'
ছবি: সংগৃহীত
০৯:৪৬ পিএম | ১১ জুন, ২০২৬
পেস বোলারদের ক্যারিয়ারে ইঞ্জুরি নিত্যসঙ্গী। সেই ইঞ্জুরি সয়েই খেলতে হয়। ব্যথাটাও তাই ছায়ার মতো লেগে থাকে শরীরে। আর সেই শরীর দিয়েই লড়াই করে যান, দৃঢ় মনোবল নিয়ে। মুস্তাফিজুর রহমান তাদেরই একজন।
কিছু দিন আগে চোট সমস্যা ছিল এই পেসারের। তবে তাতে পারফরম্যান্সে বিন্দুমাত্র মরচে পড়েনি। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই চিরচেনা ফিজ। স্পোর্টিং উইকেটেও দারুণ খেলছেন। দ্বিতীয় ওয়ানডে জিতিয়ে সিরিজও জেতালেন দলকে।
১১ জুন মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্কোর বোর্ডে কোনো রান জড়ো করার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া, গড়ে বিব্রতকর রেকর্ড। প্রথম ওভারে তাসকিন আহমেদ ম্যাথু শর্টকে শিকার করার পর পরের ওভারে কোনো রান না দিয়ে মুস্তাফিজ শিকার করেন কুপার কনোলি ও ম্যাট রেনশোকে। শেষপর্যন্ত ৭ ওভার বল করে ২৭ রান খরচ করে ঝুলিতে রাখেন তিনটি উইকেট, দুটি ওভার ছিল মেডেন।

৫ উইকেটের জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার পেয়ে মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় চেষ্টা করি নতুন বলে বল করলে সুইং করানোর। আমি তো সাধারণত প্রথমে বল করতেই উপভোগ করি। দলেরও এটা প্রয়োজন ছিল। আমি চেষ্টা করেছি আমার স্কিল অনুযায়ী বোলিং করার।'
এ সময় সঞ্চালক আতহার আলী খান মুস্তাফিজের শারীরিক অবস্থার খোঁজখবর নিলে তিনি বলেন, 'এমনিতে শরীর ভালো। ব্যথা তো থাকবেই ফাস্ট বোলারদের। আলহামদুলিল্লাহ।'
এমআর/টিএ