বিশ্বকাপ শুরুর আগমুহুর্তে দলে রদবদল আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত
০৪:০৩ এএম | ১২ জুন, ২০২৬
বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের কাফ ইনজুরির ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অলিম্পিক মার্সেইয়ের তারকা ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়ে খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের।
বালের্দির বদলি হিসেবে ২৯ বছর বয়সী মার্কোস সেনেসিকে দলে নিয়েছে আর্জেন্টিনা। আজ (১১ জুন) আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা। টটেনহাম ডিফেন্ডার সেনেসি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন।
আগামী ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে দলের সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ হবে সেনেসির জন্য।

বোর্নমাউথের হয়ে গত চার মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন সেনেসি। সদ্য সমাপ্ত মৌসুমে দলকে ইউরোপা লিগে তুলতেও বড় ভূমিকা ছিল তার। তবে ক্লাব পর্যায়ে ভালো পারফর্ম করেও ২৬ সদস্যের দলে শুরুতে জায়গা পাননি সেনেসি। ভাগ্য সহায় হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ডাক পেলেন তিনি।
আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলা সেনেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা বেশ নাটকীয়। ২০২২ সালের ফিনালিসিমার আগে তিনি যখন প্রথমবার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান, ঠিক একই সময়ে ইতালি ফুটবল দলও তাকে ডেকেছিল। তবে সেনেসি তার মাতৃভূমি আর্জেন্টিনাকেই বেছে নেন। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেকের পর গত বছরের ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। সবশেষ গত ২৭ মার্চ লা বোমবোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি।
সেনেসির অন্তর্ভুক্তির ফলে আর্জেন্টিনার রক্ষণভাগে নিকোলাস ওটামেন্ডি ও লিসান্দ্রো মার্টিনেজের পাশাপাশি আরও একজন সেন্ট্রাল ব্যাক যুক্ত হলো। ফিফার নিয়ম অনুযায়ী, ইনজুরিতে পড়া বালের্দির জন্য নির্ধারিত ২ নম্বর জার্সি পরেই বিশ্বকাপে খেলতে হবে সেনেসিকে।
আরআই/টিএ