© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

শেয়ার করুন:
পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ১২ জুন, ২০২৬
দেশে পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পের বিকাশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে লিথিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল এবং উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

 
অর্থমন্ত্রী বলেন, দেশে পরিবেশবান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন উৎসাহিত করতে আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত এসব পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক-কর অব্যাহতির সুবিধা দিয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি।

 
দেশে এই খাতসংশ্লিষ্ট পণ্যের উৎপাদন উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) সংশ্লিষ্ট পণ্যের ওপর বিদ্যমান রেয়াতি সুবিধা ৩০ জুন ২০২৮ সালের পর প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
 
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১৩.৭ শতাংশ এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
 
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।
 
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে।

টিজে/এসএন 

মন্তব্য করুন