নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তবেই আমরা এগিয়ে যাব: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
০১:২৩ পিএম | ১২ জুন, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশে শিল্পকারখানা তৈরি করতে চাই। এ অঞ্চলে শিল্পকারখানা নির্মাণের জন্য আগামী দু-এক মাসের মধ্যেই চীনের প্রতিনিধি আসবে। সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে; তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।
শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নে একসাথে কাজ করার আশ্বাস দেন।
মির্জা ফখরুল বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না। আজকে চীন যে উন্নত হয়েছে, তা তাদের নিজেদের চেষ্টায় হয়েছে। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি করে কাজ করে উন্নত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের জন্য কাজ করতে চান। শিশুদের তিনি আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং তাদেরকে উন্নত করতে চান। এ জন্য তিনি বেশ কিছু কাজ হাতে নিয়েছেন।’
শিক্ষকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘স্কুলের বাচ্চাদের আপনারা সেভাবে তৈরি করবেন, যেন তারা দেশের জন্য কাজ করতে পারে। তারা যেন দেশের জন্য সম্পদ হতে পারে।’
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদল আসবে।’
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ঠাকুরগাঁও পৌর শহরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
কেএন/এসএন