© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকাসহ ছুটি কাটানোর মাঝপথে বিশ্বকাপে ডাক পেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস

শেয়ার করুন:
প্রেমিকাসহ ছুটি কাটানোর মাঝপথে বিশ্বকাপে ডাক পেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ১২ জুন, ২০২৬
আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির জন্য সময়টা হয়তো অবিশ্বাস্য। গত বুধবার বোর্নমাউথ থেকে তাকে দলে ভেড়ায় টটেনহ্যাম হটস্পার। তবে চলমান ফুটবল বিশ্বকাপের সময়টা তাকে ছুটিতে কাটাতে হতো। ফলে বান্ধবীকে নিয়ে ছুটে যান স্পেনের ইবিজায়। সেখান থেকেই স্বপ্নের বিশ্বকাপ খেলার ডাক পেলেন সেনেসি। লিওনার্দো বালের্দির চোট প্রথমবার তাকে ফিফার এই মেগা ইভেন্টে খেলার সুযোগ করে দিয়েছে।

তবে ছুটি কাটানোর সময়ও নাকি সেনেসির মনের অনুভূতি ছিল-শেষ মুহূর্তে ডাক পেতে পারেন বিশ্বকাপে। সেটাই সত্যি হলো অল্প সময়ের ব্যবধানে। বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারই চোটের সঙ্গে লড়ছিলেন। শেষ পর্যন্ত সেখান থেকে ছিটকে গেলেন বালের্দি। তিনি ডিফেন্ডার হওয়ায় ডাক পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও গিদো রদ্রিগেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে সুযোগ দেননি লিওনেল স্কালোনি। কারণ তারা কেউই ডিফেন্ডার নন। 



আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, নিকোলাস তালিয়াফিকোর হালকা চোট এবং লিয়ান্দ্রো পারেদেসের দ্রুত সুস্থ হয়ে ওঠার বিষয়টি বিবেচনা করেই শেষ পর্যন্ত সেনেসিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন স্কালোনি। স্বভাবতই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে সেনেসি ভীষণ আনন্দিত, ‘আমি সবসময় বিশ্বকাপে খেলার যে স্বপ্ন দেখে এসেছি, সেটা পূরণ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি এবং যত দ্রুত সম্ভব রওনা (বিশ্বকাপের উদ্দেশে) হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে।’

বিশ্বকাপ খেলার ডাক পাওয়ার মুহূর্তটি সামাজিক মাধ্যমে দিয়েছেন সেনেসির প্রেমিকা ও ইংলিশ নারী ফুটবলার কেলসি-রোজ বোয়ার্স। যেখানে এই ডিফেন্ডারকে মোবাইলে কথা বলতে দেখা যায়। পুরো বিষয়টিতে তারা হতবাক ও আনন্দের মিশ্র অনুভূতিতে পড়েন। পরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্টে জানানো হয়, “ডিফেন্ডার মার্কোস সেনেসি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হলেন।’

লেফট-ব্যাক সেনেসি বোর্নমাউথের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন। ক্লাবটি তার বিদায় নিশ্চিত করার সময় তার প্রশংসা করে বলেছিল, ‘তার আগমনের পর থেকে তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সফল সময়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।’ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে বোর্নমাউথ জায়গা করে নিয়েছে ইউরোপা লিগে। দলটির এই সাফল্যের কারিগরদের একজন ছিলেন সেনেসি। গত মৌসুমে সব মিলিয়ে ৩৯টি ম্যাচে তিন হাজার ৩৬৫ মিনিট মাঠের ছিলেন সেনেসি, যেখানে তার পাঁচটি অ্যাসিস্টও রয়েছে।

আগামী বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে। ‘জে’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। স্কোয়াডে ডাক পাওয়ার পর বিশ্বকাপেও অভিষেক হতে পারে সেনেসির। এর আগে ২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার জাতীয় দলে অভিষেক হয়। এখন পর্যন্ত খেলেছেন তিনটি প্রীতি ম্যাচ।

এমআর/টিএ  

মন্তব্য করুন