© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ দলে ২ পরিবর্তন মরক্কোর

শেয়ার করুন:
ব্রাজিল ম্যাচের আগে বিশ্বকাপ দলে ২ পরিবর্তন মরক্কোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ১২ জুন, ২০২৬
বিশ্বকাপ অভিযান শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে এরই মধ্যে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন করেছে মরক্কো। উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দল থেকে ছিটকে গেছেন। 

রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন। ফিফার আপডেট তালিকা অনুযায়ী তার পরিবর্তে মরক্কো দলে ডাক পেয়েছেন এ্যাঙ্গার্সের আমিনে সাবাই। 



অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক অগার্ড ঊরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে আর মাঠে নামতে পারেননি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কো। যে কারণে টুর্নামেন্টের আগেই অগার্ডের পরিবর্তে মারওয়ানে সাদানেকে দলে ডাকা হয়েছে। 

যদিও এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মরক্কোর টিম ম্যানেজমেন্ট। কিন্তু অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরি আক্রান্ত দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। পিএসজি তারকা হাকিমি লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে।প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।’

আগামীকাল শনিবার দিবাগত রাতে গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

এমআর/টিএ  

মন্তব্য করুন