© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী দলের বর্ণাঢ্য সংবর্ধনা

শেয়ার করুন:
যুক্তরাজ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী দলের বর্ণাঢ্য সংবর্ধনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৫ পিএম | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রার প্রাক্কালে যুক্তরাজ্যের বার্মিংহাম শহর যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। লাল-সবুজের পতাকা, উচ্ছ্বাস আর প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম ভালোবাসায় মুখরিত হয় পুরো আয়োজন।

আগামী ১৪ জুন রোববার বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) বার্মিংহামে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেওয়া হয় বর্ণাঢ্য সংবর্ধনা।

বার্মিংহামের বাদশা প্যালেসে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় পতাকার উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশ দলের সদস্যদের। আয়োজনটি করে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন ও স্থানীয় প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।

সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির শক্তিশালী সেতুবন্ধন। তিনি ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার আহ্বান জানান।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপ শুরুর আগে প্রবাসীদের এমন ভালোবাসা পুরো দলকে নতুন করে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে খেলোয়াড়রা প্রস্তুত এবং সমর্থনের জন্য প্রবাসীদের মাঠে আসার আহ্বান জানান।

দলের প্রধান কোচ সারোয়ার ইমরান জানান, স্কটল্যান্ডে দীর্ঘ প্রস্তুতি ক্যাম্পে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তিনি বিশ্বকাপে ভালো ফলের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফসহ বাংলাদেশ দলের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর ও স্থানীয় ক্রীড়া সংগঠকেরাও দলকে শুভেচ্ছা জানান।

শেষ পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় ব্রিটিশ-বাংলাদেশি বক্সার হামজা উদ্দীন ও ইউসুফ উদ্দীনকে।

অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে নারী দলের সদস্যদের নামাঙ্কিত সম্মাননা স্মারক প্রদান করা হয়। আবেগঘন এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এসএ/এসএন


মন্তব্য করুন