বিশ্বকাপের আগে অঁরি ও পেলের নামে সড়কের নামকরণ করল নিউইয়র্ক
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ১২ জুন, ২০২৬
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি অঁরি। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন আর্সেনালের জার্সিতে। নিউইয়র্ক সিটির সঙ্গেও তার একটি সম্পর্ক রয়েছে। মেজর লিগ সকারে খেলা এই শহরের ক্লাব নিউইয়র্ক রেড বুলসের হয়ে চার বছর খেলেন তিনি।
বিশ্বকাপ উপলক্ষে অঁরির সম্মানার্থে নিউইয়র্কের একটি রাস্তার নাম তার নামে নামকরণ করা হয়েছে। ম্যানহাটনের ৫০তম স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের নাম পরিবর্তন করে ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে।

অঁরি ২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দিয়ে ১৩৫ ম্যাচে ৫২ গোল করেন। নামফলক উন্মোচনের সময় উপস্থিত জনতার জন্য প্রদর্শিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নাম ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে। এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়।’
সড়কটি ম্যানহাটনের কেন্দ্রস্থলে, বিখ্যাত রকফেলার সেন্টারের কাছাকাছি অবস্থিত। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১০ জুন।
অঁরির মতো পেলের নামেও একটি রাস্তার নামকরণ করা হয়েছে। ‘পেলে ওয়ে’ নামে কুইন্সে অবস্থিত এই জায়গাটি বিশ্বকাপ উপলক্ষে উদ্যাপনের অংশ হিসেবে ব্যবহার হবে।
ইএসপিএনের তথ্যানুসারে, নামগুলো অস্থায়ী। এগুলো নভেম্বর পর্যন্ত থাকবে।
এমআর/টিএ