আকস্মিক কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রী, কথা বললেন পর্যটকদের সঙ্গে
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ১২ জুন, ২০২৬
আকস্মিক কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করেছেন তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারা পায়ে হেঁটে সৈকতে ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সুবিধা-অসুবিধার কথা জানতে চান।
শুক্রবার (১২ জুন) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।
তারা হেঁটে সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পর্যটকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রীরা পর্যটকদের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের পর্যটকদের নিরাপত্তা, সৈকতের পরিচ্ছন্নতা, ট্যুরিস্ট পুলিশের ভূমিকা, পরিছন্নতাকর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজ নেন তারা।
পর্যটকরা প্রতিমন্ত্রীদের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরো আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।
জবাবে পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে বাংলাদেশের অন্যান্য সব পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল-মোটেল স্থাপনসহ পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।
টিকে/