কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু
ছবি: সংগৃহীত
১১:৫২ পিএম | ১২ জুন, ২০২৬
আগের যেকোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে বড় পরিসরে। বেড়েছে দলের সংখ্যা। বিশ্বকাপ আয়োজিত হচ্ছে তিনটি দেশে। মহারণের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসেছে ভিন্নতাও। আয়োজক দেশগুলোর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজক তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। গতকাল মেক্সিকো পর্বের পর আজ বিশ্বকাপের কানাডা পর্বের শুরু।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দিবাগত রাত ১টায় বসনিয়া ও হার্জেগোবিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা।

কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে তারকা খচিত এক আয়োজন। টরেন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা ,উইলিয়াম প্রিন্স এবং এলিয়ানা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার সঙ্গে মঞ্চ মাতাবেন অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসিকা রেইয়েজ, মাইকেল বুবলে, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো তারকারা।
উল্লেখ্য, নোরা ফাতেহিদের সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশদ্ভুত ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। ফিফা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তারকাকে পারফর্ম করতে দেখা যাবে।
আরআই/ এসএন