© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

শেয়ার করুন:
কানাডায় বিশ্বকাপের উদ্বোধন মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ এএম | ১৩ জুন, ২০২৬
অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ বা ফিফা বিশ্বকাপের মহোৎসবে এবার জড়াল বাংলাদেশের নাম। উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসেছে এবারের বিশ্বকাপের আসর। আর কানাডার টরেন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স দিয়ে পুরো বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব।

বিশ্বকাপের অফিশিয়াল উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে কানাডার ভেন্যুতে আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পান তিনি। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখের সামনে বিশ্বমানের এই মঞ্চে সঞ্জয়ের পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ফুটবল ভক্তদের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।



সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সঞ্জয়ের সেই পারফরম্যান্সের মুহূর্ত। বিশ্বমঞ্চে লাল-সবুজের এই প্রচ্ছন্ন উপস্থিতি ফুটবল উন্মাদনার মাঝে বাঙালি সমর্থকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ খুশির উপলক্ষ।

টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো এই মঞ্চে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।

এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া পারফর্মারদের তালিকায় ছিলেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনা।

বিশ্বকাপের মতো এত বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সঞ্জয় দেব। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই শিল্পী জানিয়েছিলেন, বিশ্বমঞ্চের এই আয়োজনে অংশ নেওয়ার বিষয়টি তার কাছে একদম স্বপ্নের মতো এবং অবিশ্বাস্য।

আরআই/টিকে

মন্তব্য করুন