আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকো
ছবি: সংগৃহীত
০৩:১৫ এএম | ১৩ জুন, ২০২৬
বিশ্বকাপ অভিযান শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো চোটের কারণে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে টুর্নামেন্টের বাকি অংশে তাকে নিয়ে বড় কোনো শঙ্কা দেখছে না আর্জেন্টাইন শিবির।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল। সেখান থেকেই নিশ্চিত করা হয়েছে, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন না ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাম পায়ের কাফ মাসলে তীব্র ব্যথা অনুভব করেন তাগলিয়াফিকো। পরে কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে উদ্বোধনী ম্যাচের একাদশ থেকে তাকে বাইরে রাখা হচ্ছে।
অন্যদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই চোট পান তাগলিয়াফিকো। ওই ম্যাচে তিনি মাত্র ৪৫ মিনিট খেলতে পেরেছিলেন। পরবর্তী পরীক্ষায় তার বাম পায়ের সোলিয়াস পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়ে। এরপর থেকেই শুরু হয়েছে তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম।
তবে আর্জেন্টিনা শিবিরে আশার খবরও রয়েছে। কোচ স্কালোনি এবং মেডিকেল টিমের বিশ্বাস, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মাঠে ফিরতে পারেন তাগলিয়াফিকো। সে কারণেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। বরং দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপ দলেই রাখা হয়েছে।
তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে আলজেরিয়ার বিপক্ষে বাম প্রান্তে খেলতে পারেন ফাকুন্দো মেদিনা। মূলত সেন্টার-ব্যাক হলেও প্রয়োজন হলে বাম দিকেও খেলতে পারেন তিনি। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওই পজিশনে তাকে পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছেন স্কালোনি।
এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরে চোটজনিত আরেকটি ধাক্কাও এসেছে। ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ইনজুরির কারণে বিশ্বকাপ ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছেন। তার পরিবর্তে ইংলিশ ক্লাব এএফসি বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসিকে দলে ডাকা হয়েছে।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম ম্যাচে তাগলিয়াফিকোকে না পেলেও নকআউট পর্বে পৌঁছাতে পারলে দলের প্রথম পছন্দের এই লেফট-ব্যাককে আবারও মাঠে দেখার আশা করছে আর্জেন্টিনা।
আরআই/টিকে