© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ

শেয়ার করুন:
খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ এএম | ১৩ জুন, ২০২৬
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা থেকে শুক্রবার (১২ জুন) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১০ জুন বিকেল সাড়ে ২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজারের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র বহন করে সরকারবিরোধী প্রচারণা চালায় এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয়।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহালছড়ি থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক চাইহ্লাঅং মগকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি মামলার ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি।

একই দিন রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২৯ নম্বর আসামি ও খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষক লীগের সদস্য মো. মুজিবুর রহমান ওরফে মুজিবর রহমানকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার শালবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাদেব ওরফে ছাদেক ভূইয়াকে (৫০) গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, গ্রেফতার তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪ সালে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। এছাড়া সাদেব ওরফে ছাদেক ভুঁইয়ার বিরুদ্ধে আরও দুটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরআই/টিএ

মন্তব্য করুন