© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ১৩ জুন, ২০২৬
কিছুক্ষণের মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর একে একে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 এদিন সকাল ৯টার দিকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমান করে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছাবেন।

 এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজার বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরে উপস্থিত রয়েছে প্রধানমন্ত্রীর গাড়িবহরও।
 
প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে যা যা থাকছে
 
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
 
পরে বেলা সোয়া ১১টায় তিনি সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।
 
দুপুর সোয়া ১২টায় পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
দুপুর দেড়টায় সেখান থেকে রওনা দিয়ে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে দুপুর পৌনে ৩টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
 
বিকেল সাড়ে ৩টায় পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
 
জনসভা শেষে বিকেল পৌনে ৫টায় কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।

এসকে/এসএন


মন্তব্য করুন