© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

শেয়ার করুন:
সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ১৩ জুন, ২০২৬
জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ জুন) রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তার জামাতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

মৃত্যুকালে ফরিদ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত মে মাসে তিনি প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুটা উন্নতি ঘটলেও শুক্রবার দিনের শুরু থেকে আবার অবস্থার অবনতি ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল ৪টায় জেলার কানাইঘাট উপজেলায় তার প্রতিষ্ঠিত তালবাড়ি মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন।

ফরিদ উদ্দিন বিভিন্ন শিক্ষা, সামাজিক ও উন্নয়ন কাজে জড়িত ছিলেন। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। নিজ এলাকায় পৈতৃক সম্পত্তিতে তিনি একটি ফাজিল মাদ্রাসা গড়ে তুলেছেন।

তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতারা।

কেএন/এসএন



মন্তব্য করুন