প্রাথমিক ও গণশিক্ষা সচিবপ্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি টিম’ গঠনে দ্রুত চিঠি দেবে মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ১৩ জুন, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে গার্লস গাইডের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন। তিনি বলেছেন, প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম সক্রিয় করার বিষয়ে মন্ত্রণালয় থেকে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, শৃঙ্খলাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে স্কাউটিং ও গাইডিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিসিপ্লিন শিক্ষা ছাড়া মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব নয় এবং এ ধরনের কার্যক্রম শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। প্রয়োজনে অল্প ব্যয়ে এসব কার্যক্রম পরিচালনার পথও বের করা হবে এবং শিক্ষকদের ব্যক্তিগত অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।
সাখাওয়াৎ হোসেন বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের হার বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। জুনের মধ্যে ৯০ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং অক্টোবরে আরও অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে। এরইমধ্যে প্রায় পাঁচ হাজার বিদ্যালয়ে একাডেমিক সার্ভে করা হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও চার হাজার বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ভবিষ্যতে এ সংখ্যা ২০ হাজারে নেওয়ার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকিও অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম সঞ্চালনা করেন। এতে আলোচনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) ছাইফুল ইসলাম, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের হলদে পাখি কমিশনার বেলা রানি সরকার, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, ঢাকা, রাজধানী (অতিরিক্ত দায়িত্ব) ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা, ইয়াসমিন আক্তার বানু ও রওশন আরা খান।
সম্মেলনে ঢাকা, রাজধানী ও ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন বিভিন্ন জেলা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, বিজ্ঞ পাখি, কমিশনার ও সদস্যসহ প্রায় ৩০০ জন অংশ নেন।
টিকে/