সার্ককে বাদ দিয়ে ঐক্যের কথা সন্দেহজনক: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ১৩ জুন, ২০২৬
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের জনগোষ্ঠীতে মোট ২২০ কোটি মানুষ এবং এই জনগোষ্ঠীর বাইরে শুধু ভারত-বাংলাদেশের ঐক্যের কথা বলাকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আমরা বাংলাদেশি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপার থেকে কারও দেয়া সার্টিফিকেট প্রয়োজন নেই। ইতিহাস যেখানে সঠিক কথা বলে, বিকৃতকারীরা সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়। ঐতিহাসিকভাবেই আমরা স্বীকৃত।
তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন তাদের বলতে চাই, সার্কের জনগোষ্ঠীতে ২২০ কোটি মানুষ। যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে আমরা সন্দেহের চোখে দেখব। জাতিসংঘ, সার্ক এবং বাংলাদেশ; এই তিনের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বললে আমরা তাকে সন্দেহের চোখে দেখব।
জুলাই-আগস্টের সংগ্রামে তারেক রহমানের স্লোগান ও নেতৃত্ব সাহস যুগিয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ওপর দাঁড়িয়ে৷ ত্রয়োদশ সংসদ অতীতের সব সময়ের চেয়ে এখন ভাইব্রেন্ট পার্লামেন্ট।
এমআই/এসএন