© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল

শেয়ার করুন:
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ১৩ জুন, ২০২৬
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক মিনিটের জন্য এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাতসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে প্রায় অর্ধশত ব্যক্তি মিছিলে অংশ নেন। তাঁদের অনেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়

এ ঘটনায় মহাসড়কটিতে অল্প সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এর আগেই সড়ে পড়েন বিক্ষোভকারীরা।

জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি শ্রীপুর এলাকায় জড়ো হন। পরে তাঁরা মহাসড়কে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলের কারণে অল্প সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর এলাকায় কয়েক ব্যক্তি দেড় থেকে দুই মিনিটের মতো ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হলে তাঁরা সেখান থেকে চলে যান। এ সময় স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের স্থানীয় কয়েকজন তাঁদের ধাওয়া করে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।

এমআই/টিকে

মন্তব্য করুন