বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান
ছবি: সংগৃহীত
০৫:২৬ পিএম | ১৪ জুন, ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (১৪ জুন) নেদসারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিং করতে নেমে প্রথম ইনিংসে ডাচ নারীদের ১৩৯ রানে আটকে দিয়েছে টাইগ্রেসরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৪০ রান
বার্মিংহামে বোলিংয়ে নেমে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। ডাচদের দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।
নেদারল্যান্ডসের এই দলের শক্তির মূল জায়গা তাদের টপ অর্ডার। সেই টপ অর্ডার ব্যাটারদেরই দ্রুত সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের বোলাররা।
দলকে সবচেয়ে বড় উইকেটটা এনে দেন রাবেয়া খান। ডাচদের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান এই স্পিনার। রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।
এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। ষষ্ঠ উইকেট জুটিতে তাকে ভালোই সঙ্গ দেন ফ্রেডরিক ওভারডিক। এই দুজনে মিলে ৩৭ রানের জুটি গড়েন।
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন তিনি। ওভারডিকও হন রান আউট।
১৫ ওভার ৫ বলে ১১৩ রান নিয়ে প্রায় দেড়শ'র বেশি রানের সংগ্রহের দিকে এগোচ্ছিল নেদারল্যান্ডস। তবে ওই দুই রান আউটে ডাচদের রানটা অত এগোয়নি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মারুফা। একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং রিতু মনি।
টিকে/