© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনজীরকে আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের: জামায়াত আমির

শেয়ার করুন:
বেনজীরকে আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ এএম | ১৫ জুন, ২০২৬
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুবাইতে গ্রেপ্তার হওয়া বর্তমান সরকারের কোনো কৃতিত্ব নয়, বরং এটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বেনজীরের বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করেনি। তবে তার এই আটক হওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। তিনি আরও যোগ করেন, বেনজীর দুবাইয়ের কারাগারেই থাকবেন নাকি তাকে দেশে ফিরিয়ে আনা হবে, তা সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন ইন্টারপোল একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বেনজীরের গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

এর আগে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সেই সম্পদের তথ্য গোপন করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আইজিপি হওয়ার আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

টিজে/টিএ 

মন্তব্য করুন