© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সেভেন আপ’ খাওয়ার রাতে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যাডভোকাট

শেয়ার করুন:
‘সেভেন আপ’ খাওয়ার রাতে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যাডভোকাট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩১ এএম | ১৫ জুন, ২০২৬
কুরাসাওয়ের কাছে জার্মানির বিপক্ষে ম্যাচটি ছিল স্বপ্নের মঞ্চে প্রথম পদচারণা। কিন্তু সেই অভিষেকের রাতটি শেষ পর্যন্ত হয়ে থাকল তিক্ত এক পরাজয়ের গল্প। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে ক্যারিবীয় দ্বীপদেশটি। তবে এই ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট।

রোববার (১৪ জুন) দিবাগত রাতে জার্মানির বিপক্ষে দলের ডাগআউটে দাঁড়ানোর মধ্যদিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে নিজের নাম লিখিয়েছেন অভিজ্ঞ এই ডাচ কোচ। ম্যাচের দিন অ্যাডভোকাটের বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপের আগের সব রেকর্ডধারী কোচকে।


অবশ্য এই বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই রেকর্ডটি কয়েক দফা হাতবদল হয়েছে। উদ্বোধনী দিনেই মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছিলেন উগো ব্রুশ। ৭৪ বছর বয়সে তিনি ভেঙে দিয়েছিলেন আগের রেকর্ড।

তবে ব্রুশের সেই অর্জন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন রেকর্ড গড়েন চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক। বয়সের বিচারে ব্রুশের চেয়ে বড় হওয়ায় বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচের স্বীকৃতি চলে যায় তার দখলে। ব্রুশের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেক জন্মেছিলেন ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর।


কিন্তু কৌবেকের রেকর্ডও খুব বেশি দিন টেকেনি। ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয়া ডিক অ্যাডভোকাট অনেকটা ব্যবধানেই ছাড়িয়ে গেছেন তাদের দুজনকে। ৭৮ বছর বয়সে বিশ্বকাপের ডাগআউটে দাঁড়িয়ে তিনি এখন এই অনন্য রেকর্ডের একক মালিক।


অ্যাডভোকাটের এই অর্জন আরও বিশেষ হয়ে উঠেছে কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রার কারণে। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। আন্তর্জাতিক ফুটবলের বড় শক্তিগুলোর ভিড়ে ছোট্ট দ্বীপদেশটির এই সাফল্যকে অনেকেই রূপকথার সঙ্গে তুলনা করছেন।


যদিও বিশ্বকাপের প্রথম পরীক্ষায় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে কুরাসাওকে। জার্মানির আক্রমণের সামনে বারবার অসহায় দেখিয়েছে দলটিকে। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানের হার নিয়েই বিশ্বকাপ অভিষেকের ম্যাচ শেষ করেছে তারা। তবু ফলাফলের আড়ালে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ডিক অ্যাডভোকাট বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে। আর তার হাত ধরেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে কুরাসাও।

টিজে/টিএ 

মন্তব্য করুন