‘বিজ্ঞাপননির্ভর’ পানি বিরতির কঠোর সমালোচনা ক্লপের
ছবি: সংগৃহীত
০৬:৪১ পিএম | ১৫ জুন, ২০২৬
অতিরিক্ত গরমের সময় খেলা হলে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনা করে একটি ‘কুলিং ব্রেক’ দেওয়া হয়। ম্যাচের দুই অর্ধে দুটি কুলিং ব্রেক থাকে। এই বিশ্বকাপে এটাকে বলা হচ্ছে পানি বিরতি।
খুব বেশি গরম না থাকলেও বিশ্বকাপে পানি বিরতি বাদ যাচ্ছে না। গত ডিসেম্বরেই ফিফা ঘোষণা করেছিল, আবহাওয়া যেমনই হোক না কেন, টুর্নামেন্টের সব ম্যাচে এই বিরতি থাকবে। যাতে এই সময়টায় বিজ্ঞাপন দেখানো যেতে পারে।
এটি নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সমালোচকদের মতে, ম্যাচকে কার্যত চার ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে যাতে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ পায়।
নিয়মটির কঠোর সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। খবর গোল ডটকমের। ক্লপের মতে, ফুটবলের নিয়ন্ত্রণ চলে গেছে শীতাতপ কক্ষে বসে থাকা লোকদের হাতে। প্লেয়ারদের সুরক্ষার চেয়েও এটাকে বেশি ব্যবহার করা হচ্ছে টাকা কামানোর জন্য। ক্লপ মনে করেন, এমন নিয়ম ফুটবলের জন্য বিপদজনক।
জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফে ক্লপ বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা কর্মকর্তাদের হাতে ফুটবল জিম্মি হয়ে গেছে।... এটিকে খেলোয়াড়দের সুরক্ষার ঢাল হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আসলে এটি স্পনসরদের জন্য তৈরি করা এক সোনালি খাঁচা ছাড়া আর কিছুই নয়।’
বিশ্বকাপজয়ী এই কোচ আরও বলেন, ‘একটি বিশ্বকাপ ম্যাচের প্রবাহ হওয়া উচিত নদীর মতো। অথচ এখন মাঝপথে বাঁধ তৈরি করা হচ্ছে যাতে বিজ্ঞাপন ঢুকতে পারে। এটি খেলার আত্মার জন্য বিপজ্জনক। এক সময় ফুটবলই ছিল মূল আকর্ষণ। এখন আশঙ্কা হচ্ছে, ফুটবল হয়তো শুধু বিজ্ঞাপননির্ভর প্রদর্শনীর পেছনের সঙ্গীতে পরিণত হবে।’
এসএ/এসএন