ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করল স্পেন
ছবি: সংগৃহীত
১০:১০ পিএম | ১৫ জুন, ২০২৬
কয়েকদিন ধরেই এমন গুঞ্জন চলছিল, শেষ পর্যন্ত ম্যাচের আগেই সেই খবর নিশ্চিত করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুর একাদশে রাখা হয়নি দলের তরুণ তারকা লামিন ইয়ামালকে।
বিশ্বকাপে সোমবার (১৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে রাত ১০টায় কেপ ভার্দের মুখোমুখি হবে স্পেন।
মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার ইয়ামাল গত ২২ এপ্রিল লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন। সেই চোটের কারণে তিনি প্রাক্-বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোও খেলতে পারেননি। তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন বলে জানিয়েছেন কোচ। তবুও কেপ ভার্দের বিপক্ষে তাকে শুরু থেকেই মাঠে নামানোর ঝুঁকি নিতে চাননি দে লা ফুয়েন্তে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ‘ইয়ামাল খেলার জন্য প্রস্তুত আছে, তবে শুরুর একাদশে নয়। সে কিছু সময়ের জন্য মাঠে নামার মতো শারীরিক অবস্থায় রয়েছে।’
ইয়ামালের পাশাপাশি স্পেনের আরেক দুই গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজও পুরোপুরি ফিট নন। তাই তাদেরও বেঞ্চে রেখেছেন কোচ। তবে ম্যাচে প্রয়োজন হলে তারা দুজনই খেলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘ওরা খেলতে পারবে এবং এতে তাদের পুনরায় চোটে পড়ার আশঙ্কা নেই। যদি এমনটা হতো, তাহলে আমি তাদের বেঞ্চেও রাখতাম না।’

আক্রমণভাগে ইয়ামালের অনুপস্থিতিতে ভরসা রাখা হয়েছে বার্সেলোনার দুই ফুটবলার গাভি ও ফেরান তোরেসের ওপর। এই দুজনকে নিয়ে স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালকে ঘিরে সাজানো হয়েছে স্পেনের আক্রমণভাগ। মাঝমাঠে রয়েছেন অভিজ্ঞ রদ্রি, ফ্যাবিয়ান রুইজ ও পেদ্রি- যারা দলের খেলার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গোলপোস্টের নিচে আস্থা রাখা হয়েছে উনাই সিমনের ওপর। ঘরোয়া মৌসুমে কিছুটা ছন্দহীন সময় কাটালেও জাতীয় দলে দীর্ঘদিনের নির্ভরযোগ্য এই গোলরক্ষকের ওপরই আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ। ২০২৪ ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিমন এবারও স্পেনের প্রথম পছন্দ।
রক্ষণভাগে সেন্টার-ব্যাকে দেখা যাবে পাও কুবার্সি ও আয়মেরিক লাপোর্তেকে। দুই প্রান্তে থাকছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া মার্ক কুকুরেয়া এবং অ্যাতলেটিকো মাদ্রিদের মার্কোস ইয়োরেন্তে।
স্পেনের একাদশ
গোলরক্ষক: উনাই সিমন
রক্ষণভাগ: মার্কোস ইয়োরেন্তে, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া
মাঝমাঠ: ফ্যাবিয়ান রুইজ, গাভি (অধিনায়ক), রদ্রি, পেদ্রি
আক্রমণভাগ: ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কেপ ভার্দের বিপক্ষে জয় দিয়েই অভিযান শুরু করতে চায় স্পেন। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে পরিষ্কার করে দিয়েছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখেই ইয়ামালকে শুরুর একাদশে রাখা হয়নি। প্রয়োজন হলে ম্যাচের কোনো এক পর্যায়ে এই বিস্ময়বালককে মাঠে নামিয়ে দলের আক্রমণে বাড়তি গতি ও সৃজনশীলতা যোগ করার পরিকল্পনা রয়েছে স্প্যানিশ শিবিরের
কেপ ভার্দের একাদশ
গোলরক্ষক: ভোজিনহা
রক্ষণভাগ: দিনেই বোর্হেস , পিকো লোপেস, সিডনি লোপেস কাবরাল, স্টিভেন মোরেইরা
মাঝমাঠ: কেভিন পিনা,জোভানে কাবরাল , জামিরো মন্টেইরো,লারোস দুয়ার্তে
আক্রমণভাগ:ডাইলন লিভরামেন্তো, রায়ান মেন্দেস
এসকে/এসএন