© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের বিপক্ষে গোল করা মরক্কান তারকাকে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াচ্ছে বায়ার্ন

শেয়ার করুন:
ব্রাজিলের বিপক্ষে গোল করা মরক্কান তারকাকে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াচ্ছে বায়ার্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ পিএম | ১৫ জুন, ২০২৬
গত রোববার (১৪ জুন) ভোরে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিলেন ইসমাইল সাইবারি। ব্রাহিম দিয়াজের পাস থেকে দারুণ এক গোল করে মরক্কোকে লিড এনে দিয়েছিলেন এই উইঙ্গার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স করা সাইবারির কপাল খুলে যাচ্ছে। এরদিভাইসের ক্লাব পিএসভি এইন্দহেভেনের এই উইঙ্গারকে দলে ভেড়াতে যাচ্ছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

ইসমাইল সাইবারিকে দলে টানতে বড় অঙ্কের চুক্তির একেবারে শেষ পর্যায়ে আছে বায়ার্ন মিউনিখ। মরক্কান এই উইঙ্গারের দাম ধরা হয়েছে প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৮৪ কোটি টাকা)। ব্রাজিলের বিপক্ষে গোল করার আগে এই উইঙ্গার গত মৌসুমে ডাচ লিগেত দারুণ পারফর্ম করে নজর কাড়েন। জার্মান জায়ান্টদের হয়ে মেডিকেল পরীক্ষার পর ক্লাবটিতে যোগ দিবেন তিনি।

৫৫ মিলিয়ন ইউরোর এই ট্রান্সফারটি পিএসভির ইতিহাসে সবচেয়ে বড় বিক্রির রেকর্ড হতে যাচ্ছে। গত এক বছরে ২৫ বছর বয়সী এই উইঙ্গার নিজের পারফরম্যান্স দিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। বায়ার্ন দ্রুত পদক্ষেপ নিয়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায়। ভুটবাল ইন্টান্যাশিওনাল জানিয়েছে, ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত হতে পারে এই চুক্তির মেয়াদ।



বর্তমানে তিনি বিশ্বকাপের আন্তর্জাতিক দায়িত্বে ব্যস্ত থাকলেও তার ট্রান্সফার প্রক্রিয়ায় বড় কোনো বিলম্ব হওয়ার কথা নয়। মরক্কোর এই তারকা ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে চমৎকার একটি গোল করে বিশ্বমঞ্চে আলোচনায় আসেন। যা বড় ম্যাচে তার পারফর্ম করার ক্ষমতার প্রমাণ।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই চুক্তির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্যাব্রিজিও রোমানো। বায়ার্নের ক্লাব ডাক্তার বর্তমানে জার্মান জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ করছেন, ফলে মিউনিখে না গিয়েই খেলোয়াড়ের চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

এর আগে এই ট্রান্সফার গুঞ্জনকে সমর্থন করে ইতিবাচক মন্তব্য করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং মরক্কো সতীর্থ বিলাল এল খান্নুস। তিনি বর্তমানে জার্মান ক্লাব স্টুটগার্টের মিডফিল্ডার হিসেবে খেলছেন।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি সত্যি বলতে অন্যের ক্যারিয়ারে হস্তক্ষেপ করি না। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমি ব্যক্তিগত বিষয়ে নাক গলাই না। আমি জানি না খবরটা সত্য কি না, তবে তার জন্য আমি আশা করি, সে এটা পাওয়ার যোগ্য। সে দারুণ একজন খেলোয়াড় এবং আমি তার জন্য শুভকামনা জানাই।'

সাইবারির পরিসংখ্যানও বেশ চমৎকার। তিনি পিএসভির হয়ে ১৪২টি অফিসিয়াল ম্যাচ খেলে ৪২টি গোল এবং ২৯টি অ্যাসিস্ট করেছেন। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, দলীয় সাফল্যেও বড় ভূমিকা রেখেছেন। পিএসভি টানা তিন মৌসুমে এরেদিভাইস শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এছাড়া আরও দুইটি কেএনভিবি কাপের ট্রফিও জিতেছেন।

তার ভবিষ্যৎ প্রায় নিশ্চিত হওয়ার পর এখন তিনি জাতীয় দলের দিকেই মনোযোগ দেবেন। আগামী ২০ জুন মরক্কো তাদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। 

এমআর/টিকে  

মন্তব্য করুন