স্পেনের ফরোয়ার্ড রাফা মিরকের সাড়ে ৮ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০১:৩৬ এএম | ১৬ জুন, ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্পেন। যেখানে ড্র করে সমালোচনার শিকার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঠের বাইরের এক ঘটনায়ও আলোচনায় স্পেনের ফুটবল। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে সেভিয়ার ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।
সোমবার ভ্যালেন্সিয়ান কমিউনিটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস এ রায় ঘোষণা করে। আদালতের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট বেতেরা এলাকায় নিজের বাসভবনে এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে আঘাত করেন মির।
একই মামলায় মিরের বন্ধু পাবলো জারাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্য এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আড়াই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের রায়ে মূল মামলার ভুক্তভোগীকে ৬৪ হাজার ইউরো এবং দ্বিতীয় মামলার অভিযোগকারীকে ৬ হাজার ২৮০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রায়টি এখনো চূড়ান্ত নয়। মির ও জারার সামনে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।
বিচার চলাকালে মির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনাটি পারস্পরিক সম্মতিতেই ঘটেছিল। তবে ভুক্তভোগী তরুণী আদালতে বলেন, তার ইচ্ছার বিরুদ্ধে দুবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন তিনি। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং বারবার থামার অনুরোধ জানালেও মির তা উপেক্ষা করেন।
রাষ্ট্রপক্ষ শুরুতে মিরের জন্য ১০ বছর ৬ মাসের কারাদণ্ড চেয়েছিল। তবে প্রাদেশিক আদালত সবকিছু বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সাজার মেয়াদ সাড়ে আট বছর নির্ধারণ করেছে।
এমআর/টিকে