ব্যক্তিগত জেটে বিশ্বকাপ সফর, বিতর্কে ফিফা সভাপতি
ছবি: সংগৃহীত
০৪:০০ পিএম | ১৬ জুন, ২০২৬
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই তিন দেশ মিলে ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। একাধিক ভেন্যুতে ম্যাচ হওয়ায় একই দিনে বিভিন্ন শহরে খেলা দেখতে হলে দীর্ঘ ভ্রমণ করতে হচ্ছে দর্শক ও কর্মকর্তাদের।
এই কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগত জেট ব্যবহার করে এক শহর থেকে আরেক শহরে দ্রুত গিয়ে একাধিক ম্যাচে উপস্থিত হচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি দিনে একাধিক ম্যাচ দেখার জন্য প্রায়ই বিমানে শহর পরিবর্তন করছেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হয় ১১ জুন রাতে মেক্সিকো সিটির স্টেডিয়ামে, যেখানে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়। একই রাতেই ইনফান্তিনো গুয়াদালাহারায় গিয়ে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ উপভোগ করেন। দুই শহরের দূরত্ব প্রায় ২৮৫ মাইল।

পরদিন তিনি লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচে উপস্থিত ছিলেন। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পাশে দেখা যায়। এরপর ১৩ জুন তিনি একদিনে সানফ্রান্সিসকো ও ভ্যাঙ্কুভার—দুই শহরে গিয়ে আলাদা দুটি ম্যাচ দেখেন।
এরপর মিয়ামিতে ফিফার সামিটে অংশ নেওয়ার পর তিনি সিয়াটলে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ এবং পরে লস অ্যাঞ্জেলেসে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচেও উপস্থিত ছিলেন।
আয়োজক চুক্তি অনুযায়ী কর্মকর্তাদের জন্য চার্টার বিমানের সুবিধা থাকলেও সাধারণত ব্যক্তিগত জেট ব্যবহার সীমিত থাকে। তবে ফিফা জানিয়েছে, সভাপতির ভ্রমণসূচি অনুযায়ী কখনও বাণিজ্যিক, কখনও চার্টার ফ্লাইট ব্যবহার করা হয় এবং ভ্রমণ ব্যয় সংস্থা বহন করে।
তবে এই বিষয়টি নিয়ে সমালোচনাও উঠেছে। পরিবেশ সংগঠন গ্রিনপিস ইউএসএ বলেছে, জলবায়ু সংকট ও তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে এমন ব্যক্তিগত জেট ব্যবহার পরিবেশগতভাবে নেতিবাচক বার্তা দেয়।
এসকে/এসএন