মাত্র ২ বার চ্যাম্পিয়ন, তবু উরুগুয়ের জার্সিতে ৪ তারকা কেন?
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ১৬ জুন, ২০২৬
আজ ভোরে (১৬ জুন) এবারের প্রথম বিশ্বকাপে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। গ্রুপ 'এইচ'- এর এই ম্যাচে লা সেলেস্তেরা ১-১ গোলে ড্র করেছে এশিয়ান দলটির বিপক্ষে। মায়ামির এই ম্যাচে আবারও উরুগুয়ের জার্সিতে জাতীয় দলের প্রতীকের ওপর চারটি তারকা দেখা গেছে, যদিও তারা এখন পর্যন্ত দুবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তাহলে বাকি দুটি তারকার রহস্য কী? আর কেনই বা উরুগুয়ে নিজেদের পঞ্চম বিশ্ব শিরোপার লক্ষ্যে এগোচ্ছে বলে দাবি করে?
ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। নিজেদের মাটিতে সেবার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
দ্বিতীয়বার তারা বিশ্বচ্যাম্পিয়ন হয় ১৯৫০ সালে, ব্রাজিলকে ঐতিহাসিক মারাকানাজো ট্রাজেডিতে কাঁদিয়ে। দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় লা সেলেস্তেদের জার্সিতে দুটি তারকা থাকার কথা। তাহলে বাকি দুই তারকার ব্যাখ্যা কী?
বাস্তবতা হচ্ছে, উরুগুয়ের ট্রফি ক্যাবিনেটে দুটি বিশ্বকাপ থাকলেও তাদের প্রতীকের অতিরিক্ত দুটি তারকা এসেছে এমন দুটি শিরোপা থেকে, যা তারা জিতেছিল বিশ্বকাপ চালু হওয়ার আগে। উরুগুয়ে মনে করে এই শিরোপাগুলোকেও বিশ্বচ্যাম্পিয়নশিপ হিসেবে গণ্য করা উচিত।
ফিফা বিশ্বকাপ শুরুর আগে দুটি 'অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করেছিল, যেগুলো অনুষ্ঠিত হয়েছিল ১৯২৪ এর প্যারিস অলিম্পিক এবং ১৯২৮ এর আমস্টারডাম অলিম্পিকের অংশ হিসেবে। এগুলোকে জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ হিসেবে ধরা হয়।
১৯২৪ সালে উরুগুয়ে সবাইকে চমকে দিয়ে ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চার বছর পর তারা সেই সাফল্য ধরে রাখে এবং ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে আরেকটি স্বর্ণপদক জিতে নেয়। প্রথম ম্যাচ ১-১ ড্র হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত ম্যাচে লা সেলেস্তেরা ২-১ ব্যবধানে জয়ী হয়।
ফিফার সঙ্গে বিতর্ক:
২০২১ সালে ফিফা উরুগুয়েকে তাদের প্রতীক থেকে অতিরিক্ত দুটি তারকা সরিয়ে ফেলতে নির্দেশ দেয়, যাতে দীর্ঘদিনের বিতর্কের অবসান হয়। কিন্তু উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এএউএফ) এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে।
এএউএফ'র প্রতিযোগিতা পরিচালক হোর্হে ক্যাসায়েস তখন বলেছিলেন, 'আমরা ফিফার সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করছি, অথবা তাদের দিয়ে স্বীকার করাতে চাই যে অলিম্পিক গেমসের সেই শিরোপাগুলো বিশ্বচ্যাম্পিয়নশিপ হিসেবে বিবেচিত হওয়া উচিত।'
পরবর্তীতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনার পর এএউএফ'র সহ-সভাপতি গাস্তন তিয়ালদি জানান যে, 'আনুষ্ঠানিক কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত জার্সিতে কোনো পরিবর্তন করার দরকার নেই।'

এই বক্তব্যকে উরুগুয়েতে সবুজ সংকেত হিসেবে দেখা হয় এবং তারা চার তারকাসহ জার্সি ব্যবহার অব্যাহত রাখে। বর্তমানে পাঁচ তারকাধারী ব্রাজিলের পর উরুগুয়ে, ইতালি ও জার্মানি সমান চার তারকা নিয়ে অবস্থান করছে।
দিয়েগো লুগানোর দাবি: উরুগুয়ের কি আসলে পাঁচটি বিশ্ব শিরোপা?
সাবেক উরুগুয়ান অধিনায়ক দিয়েগো লুগানো বিতর্কটিকে আরও উসকে দিয়ে বলেন, 'আসল প্রশ্ন হলো আমাদের চারটি নাকি পাঁচটি বিশ্বকাপ আছে। আমি বুঝি না, এটা নিয়ে তর্ক করার কী আছে।'
তিনি বিশেষভাবে উল্লেখ করেন মুন্দিয়ালিতো টুর্নামেন্টের কথা। ১৯৮০-৮১ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা প্রথম বিশ্বকাপের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এবং ততদিন পর্যন্ত বিশ্বকাপজয়ী সব জাতীয় দল এতে অংশ নিয়েছিল।
ফাইনালে উরুগুয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে। লুগানোর মতে, 'এটি ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ।'
তিনি আরও বলেন, 'সময়ের সঙ্গে টুর্নামেন্টের নাম বদলাতে পারে, কিন্তু তখন এর গুরুত্ব যা ছিল তা বদলে যায় না। এটা কখনোই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।'
শেষে তিনি নিজের ক্লাব ক্যারিয়ারের উদাহরণ টেনে বলেন, '২০০৫ সালে আমি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। তাহলে কি তার আগে রিভারপ্লেট, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব, ইন্দেপেন্দিয়েন্তে বা অলিম্পিয়া বিশ্বচ্যাম্পিয়ন ছিল না, শুধু টুর্নামেন্টের নাম আলাদা ছিল বলে? সবাইকে এ ব্যাপারে একমত হতে হবে।'
এসকে/এসএন