© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বপ্নার প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ‍যুবক

শেয়ার করুন:
স্বপ্নার প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ‍যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ১৬ জুন, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে শুরু হয় প্রেম। এরপর প্রণয়ের আলাপে মধুর স্মৃতি গড়ে ওঠে তাদের।

সেই ভালো লাগার টানেই হাজার মাইল দূর থেকে বাংলাদেশি প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন চীনা যুবক। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রেমিকা স্বপ্না আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীননগরে এবং জিয়াঐলির বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় হয়।

পরিচয়ের তিন মাসে গড়ে ওঠে প্রণয়। এখন পরিণতি আনতে ভাষাগত ও সাংস্কৃতির পার্থক্য থাকলেও মনের আবেগ, মায়ার কাছে তা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ছুটে এসেছেন বাংলাদেশে।  

সোমবার (১৫ জুন) রাতে প্রেমিকা স্বপ্নার টানে বাংলাদেশে পাড়ি জমান চীনা যুবক জিয়াঐলি।

বর্তমানে স্বপ্না আক্তার নবীনগরের নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন।  

এদিকে বিদেশি যুবকের আসার খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জিয়াঐলিকে একনজর দেখতে স্বপ্নার মামার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক জনতা। ইতোমধ্যে এই প্রেমিক যুগলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিদেশি যুবককে গ্রামে দেখতে পেয়ে প্রথমে সবাই অবাক হন।

তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এই চীনা যুবক কোনো প্রতারক চক্রের সদস্য কি না? বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টিগোচর কামনা করছেন স্থানীয়রা।

এই বিষয়ে স্বপ্না আক্তার জানান, জিয়াঐলি স্বপ্নাকে বিয়ে করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাবেন। স্বপ্না আরো জানান, জিয়াঐলি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি ও ইউএনও জানান, সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি। আমরা খোঁজখবর নেব।

এসএন 

মন্তব্য করুন