© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি দল আরও শক্তিশালী করল বিসিবি

শেয়ার করুন:
অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি দল আরও শক্তিশালী করল বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১৬ জুন, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ার পর এবার টি-টোয়েন্টি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৭ জুন) দুপুর ২টায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে টাইগারদের স্কোয়াডে যুক্ত হলেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার।


সিরিজ শুরুর ঠিক আগের দিন সৌম্যকে দলে ডাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজের জন্য গত বৃহস্পতিবার বিসিবি যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল, সেখানে ৩৩ বছর বয়সী সৌম্যর নাম ছিল না। তবে শেষ মুহূর্তে এই বাঁহাতি ব্যাটারকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াড থেকে কোনো ক্রিকেটারকে বাদ দেওয়া হয়নি।

ধারণা করা হচ্ছে, অধিনায়ক লিটন দাসের চোটের শঙ্কা থেকেই সৌম্যকে ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পায়ে চোট পাওয়ার পর লিটনকে কিছুটা খোঁড়াতে দেখা গিয়েছিল এবং শেষ ম্যাচে তিনি উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করেননি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অভিজ্ঞ সৌম্যকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।



বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪৬২ রান সংগ্রহ করেছেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি; যেখানে দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রান করলেও শেষ ম্যাচে আউট হয়েছেন মাত্র ২ রানে। এবার টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিজের নামের প্রতি সুবিচার করার লক্ষ্য থাকবে তার।

এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী। ওয়ানডে সিরিজের সেই সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও ধরে রাখতে বদ্ধপরিকর স্বাগতিকরা। সিরিজের বাকি ম্যাচগুলোও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

টিজে/এসএন 

মন্তব্য করুন