© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দল আগের মতোই থাকবে, তবে আমরা বিকল্পও পরখ করে দেখছি: স্ক্যালোনি

শেয়ার করুন:
দল আগের মতোই থাকবে, তবে আমরা বিকল্পও পরখ করে দেখছি: স্ক্যালোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ১৬ জুন, ২০২৬
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে নামার আগে গণমাধ্যমের সামনে কথা বলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপজয়ী কোচ কথা বলেছেন, ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের অবস্থা এবং প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়ার বিষয়ে।

দলের বর্তমান পরিস্থিতি ও মানসিকতা নিয়ে স্কালোনি বলেন, 'আমরা বেশ শান্ত আছি এবং একটি ভালো দলের মুখোমুখি হতে যাচ্ছি। খুব ভালো সময়ের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি। প্রথম দিন আমাদের যেমন মানসিকতা ছিল, এখনও আমরা ঠিক একই অবস্থায় আছি। জাতীয় দল এবং দেশের জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ফলাফলের বাইরে গিয়েও সবসময় শান্ত এবং দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকছি।' 

নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এবার মাঠে নামছেন লিওনেল মেসি। আক্রমণে এবারও আর্জেন্টাইন দলের অন্যতম ভরসার নাম তিনি। সেখানে তাকে সঙ্গে দেবেন হুলিয়ান আলভারেজ। গত বিশ্বকাপে নজর কাড়া এই তারকার দিকেও এবার নজর থাকবে সবার। তাদের বর্তমান অবস্থা এবং ফিটনেস নিয়েও কথা বলেছেন তিনি।  
 
স্ক্যালোনি বলেন, 'লিও (মেসি) সবসময়ই দলের অংশ ছিল এবং সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। অন্যদিকে, হুলিয়ানের গোড়ালিতে কিছুটা সমস্যা ছিল। তবে তার সেরে ওঠার প্রক্রিয়াটি দারুণ কাজে দিয়েছে। আগামীকালের ম্যাচের জন্য সে সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের বিবেচনায় রয়েছে।'  
 
 

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোটের অবস্থা নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, 'এমিলিয়ানো এখন ঠিক আছে। সবকিছু যদি এভাবে ঠিকঠাক চলে, সে আগামীকাল খেলবে। আমরা সবসময়ই দলে কিছু ভিন্নতা বা বিকল্প রাখার চেষ্টা করি। ম্যাচের শুরুতে বা খেলা চলাকালীন যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে। দলের মূল সুর বা খেলার ধরন একই থাকবে। তবে হ্যাঁ, আমরা বেশ কিছু বিকল্প কৌশল পরখ করে দেখেছি।'  
 
আলজেরিয়া ম্যাচ নিয়ে স্কালোনির মূল্যায়ন, 'গত কয়েক বছরে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি কারণ আমরা চাপ কিছুটা কমিয়ে আনতে পেরেছিলাম। শান্তভাবে খেলাটাই ছিল আমাদের মূল চাবিকাঠি। আর হ্যাঁ যেকোনো পরিস্থিতিতেই চাপ বা উত্তেজনা অনুভূত হওয়াটা স্বাভাবিক। এটা সবার সঙ্গেই ঘটে। তবে ফলাফল যাই হোক না কেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পর গর্ববোধ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'                                                    
প্রতিপক্ষ আলজেরিয়াকে সমীহ করে স্কালোনি আরও বলেন, 'আমরা একটি দারুণ দলের মুখোমুখি হতে যাচ্ছি। আলজেরিয়া যোগ্যতা প্রমাণ করেই বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টের বেশকিছু ম্যাচে প্রমাণিত হয়েছে, এখানে কোনো ম্যাচই সহজ নয়। আলজেরিয়ার আক্রমণভাগে যেমন ভালো খেলোয়াড় আছে, তেমনি মাঝমাঠেও বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ থাকা ফুটবলার রয়েছে। ভিন্ন ভিন্ন কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের আছে। তারা অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য একটি দল এবং নিশ্চিতভাবেই আমাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলবে।' 

টিজে/এসএন 

মন্তব্য করুন