© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

শেয়ার করুন:
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ১৬ জুন, ২০২৬
সিলেট নগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে নগরীর নবাব রোড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি।

স্থানীয় সূত্র জানায়, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে মিছিলটি বের করা হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং তাদের ভাষ্য অনুযায়ী ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলকারীরা নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন। এ সময় সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি অবস্থান করলেও মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলকারীর সংখ্যা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশকে বাধা দিতে দেখা যায়নি।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


এসএ/এসএন

মন্তব্য করুন