এবার সুখবর দিলেন নেইমার জুনিয়র
ছবি: সংগৃহীত
১১:৩২ পিএম | ১৬ জুন, ২০২৬
বিশ্বকাপে খেলতে গিয়ে চোটের কারণে এখন পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি নেইমার। তবে এবার ব্যক্তিগত জীবনের কারণে আবারও আলোচনায় ব্রাজিলিয়ান সুপারস্টার। আবারও বাবা হতে যাচ্ছেন তিনি।
নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির ঘরে আসছে আরেক কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানিয়েছেন ব্রুনা।
পরিবারকে নিয়ে সন্তানের খবর প্রকাশের আয়োজনে দেখা যায়, নেইমার, ব্রুনা ও তাদের সন্তানরা চোখ বেঁধে গোলাপি রং নিয়ে মজা করছেন। আর তাতেই অনেকে ধারণা করছেন, নেইমারের ঘরে আসছে আরেকটি কন্যা সন্তান।

নেইমারও পুরো আয়োজনে ছিলেন হাসিখুশি মেজাজে। মজার ছলে তিনি বলেন, মেয়ের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে তিনি পাগল হয়ে যাবেন।
এরপর আরও মজা করে বলেন, 'তিনি একটি ব্যান্ড বানাবেন, সেটির নাম হবে স্পাইস গার্লস।' ভিডিওতে তিনি আগামী বছরের ডিসেম্বরে ছেলে চাওয়ার কথাও রসিকতা করে বলেন।
ব্রুনার সঙ্গে এটি নেইমারের তৃতীয় সন্তান হবে। তাদের আগের দুই মেয়ের নাম- মাভি ও মেল। মাভির বয়স ২ বছর এবং মেল এখনও এক বছরে পা দেয়নি। নতুন সন্তান জন্মালে ব্রুনার সঙ্গে নেইমারের তিন কন্যা হবে।
সব মিলিয়ে নেইমার পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন। ক্যারল দান্তাসের সঙ্গে প্রেমের সময় জন্ম নেয় নেইমারের বড় ছেড়ে দাভি লুকা। এছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার মেয়ে হেলেনাও আছে।
নতুন সন্তানের খবর এমন সময়ে এল, যখন নেইমার বিশ্বকাপে ব্রাজিল দলের সঙ্গে থাকলেও চোটের কারণে মাঠে নামতে পারছেন না। সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেছনের মাংসপেশির চোটে পড়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে এখনও পূর্ণ অনুশীলনে ফেরেননি। রিপোর্ট অনুযায়ী, গ্রুপ পর্বে তার খেলার সম্ভাবনা কম; ব্রাজিলের মেডিকেল স্টাফ তাকে নকআউট পর্বে পুরো ফিট অবস্থায় পেতে চায়।
এমআর/টিকে