ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, স্বস্তি ব্রাজিল শিবিরে
ছবি: সংগৃহীত
০৪:২৪ এএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের প্রধান তারকা নেইমার জুনিয়রের ইনজুরি ছিল হেক্সা মিশনের অন্যতম দুশ্চিন্তা। তবে সেই শঙ্কা কাটিয়ে অবশেষে স্বস্তির খবর, মাঠে ফিরেছেন নেইমার।
কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় সেলেসাওরা। এমনকি গুঞ্জন উঠেছিল, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, নেইমার আবারও অনুশীলনে ফিরেছেন। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, ব্রাজিলের জার্সিতে তার ফেরার সময় ঘনিয়ে এসেছে।
গত মে মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড ২ স্ট্রেইনে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখলেও প্রথম ম্যাচে ঝুঁকি নেননি।

নিউ জার্সির ট্রেনিং গ্রাউন্ডে তাকে হালকা অনুশীলন ও বল নিয়ে কাজ করতে দেখা গেছে। যদিও এখনো পূর্ণ ট্যাকটিক্যাল সেশনে অংশ নেননি, তবুও তার মাঠে ফেরা দলের জন্য বড় ইতিবাচক বার্তা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মেডিকেল টিম নেইমারের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা করা হয়েছে।
গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি ম্যাচ রয়েছে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে নেইমারকে। তবে মূল লক্ষ্য রাখা হচ্ছে নকআউট পর্ব।
নেইমারের ফেরার খবরে সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মাঠে ফিরলে ব্রাজিলের আক্রমণভাগে তার উপস্থিতি যে বড় পার্থক্য গড়ে দেবে, সেটাই এখন প্রত্যাশা সবার।
এমআর/টিকে