চোট কাটিয়ে ফিরলেন ‘দিবু’, শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
০৬:০৩ এএম | ১৭ জুন, ২০২৬
নতুন স্বপ্ন আর পুরোনো গৌরব ধরে রাখার প্রত্যয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচের আগে ফিফা প্রকাশ করেছে দুই দলের শুরুর একাদশ।
আর্জেন্টিনার সবচেয়ে বড় সুখবর, চোট কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের অনামিকায় চিড় ধরা থাকায় প্রস্তুতি পর্বের বেশিরভাগ সময় দলের বাইরে ছিলেন ‘দিবু’। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে শুরুর একাদশেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।
রক্ষণভাগে ডানপ্রান্তে নাহুয়েল মোলিনার সঙ্গে লড়াইয়ে এগিয়ে গিয়ে একাদশে সুযোগ পেয়েছেন গনসালো মন্তিয়েল। চোট থেকে ফিরে ক্রিস্তিয়ান রোমেরোও শুরু থেকেই খেলবেন, তার সঙ্গী লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ প্রান্তে চোটের কারণে নিকোলাস তাগলিয়াফিকো না থাকায় দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠে স্কালোনি ভরসা রেখেছেন পরীক্ষিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন থিয়াগো আলমাদা ও দারুণ ছন্দে থাকা লাউতারো মার্টিনেজ। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে বেঞ্চে রাখা হয়েছে; ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।
অন্যদিকে আলজেরিয়ার নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দি। গোলবারের নিচে লুকা জিদানকে রেখে চার ডিফেন্ডারের রক্ষণ সাজিয়েছেন কোচ। রক্ষণে আরও থাকছেন রায়ান আইত-নুরি, রাফিক বেলঘালি ও রামি বেনসেবাইনি। মাঝমাঠে ফারেস শাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব ও ইব্রাহিম মাজা, আর আক্রমণে আমিন গুইরি ও আনিস হাজ মুসাকে নিয়ে মাঠে নামবে আফ্রিকার দলটি।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ।
আলজেরিয়ার একাদশ: লুকা জিদান; রাফিক বেলঘালি, আইসা মান্দি (অধিনায়ক), রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি; ফারেস শাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব, ইব্রাহিম মাজা; আমিন গুইরি, আনিস হাজ মুসা।
এমআর/টিকে