‘তুমি অবিশ্বাস্য!’- মেসিকে নিয়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা
ছবি: সংগৃহীত
১২:৪০ পিএম | ১৭ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন এই ৩৮ বছর বয়সী।
আর্জেন্টিনা অধিনায়কের এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তার পরিবারও। স্টেডিয়ামের একটি বক্সে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। তারা সবাই মিলে দলের জয় উদযাপন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের আনন্দ ভাগ করে নেন।

আন্তোনেলা সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’
এটি এখন যেন মেসি পরিবারের একটি নিয়মিত রীতি হয়ে দাঁড়িয়েছে। আন্তোনেলা ও তাদের তিন সন্তান সবসময়ই আর্জেন্টিনা অধিনায়ককে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে তারা সবাই একসঙ্গে গ্যালারিতে থেকে মেসিকে উৎসাহ দিচ্ছেন। ছোট ছেলে সিরোর জন্ম ২০১৮ সালের মার্চ মাসে হওয়ায়, কাতার বিশ্বকাপের স্মৃতি তার খুব একটা মনে নেই। চলতি বিশ্বকাপে সে তার মা ও দুই ভাইয়ের সঙ্গে বাবাকে সমর্থন করতে মাঠে উপস্থিত রয়েছে।
কেএন/এসএন