© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কামরুল-মেননের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য শুরু ২৩ জুন

শেয়ার করুন:
কামরুল-মেননের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য শুরু ২৩ জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ১৭ জুন, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আগামী ২৩ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। 

এদিন এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আগামী ২৩ জুন নতুন তারিখ ঠিক করেন ট্রাইব্যুনাল।

এদিকে, আজ সকালে কামরুল ও মেননকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৩০ এপ্রিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে বলা হয়, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

টিজে/টিকে 

মন্তব্য করুন