কুমিল্লায় তিতাস থানা গেইটে বাদীর ওপর আসামিদের হামলা!
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ১৭ জুন, ২০২৬
কুমিল্লায় মারধরের ঘটনায় থানায় অভিযোগ করতে এসে থানা গেটের সামনে বাদীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সমাজিক যোগাযোগ মধ্যে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৭ জুন) সকালে জেলার তিতাস থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিতাস থানার গেটের সামনে এক ব্যক্তিকে ইট-পাথর দিয়ে আঘাত করছেন কয়েকজন যুবক। পাশে দাঁড়িয়ে ছিলেন একজন পুলিশ সদস্য। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। এ সময় যুবকরা লাঠি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতেও দেখা যায়। পরে আরো পুলিশ সদস্য এসে কয়েকজনকে আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, আহত ব্যক্তির নাম শাহ আলম (৪৩)। তিনি উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের বাসিন্দা। তাকে মারধর করেন ওই ব্যক্তিরা, যারা সম্পর্কে চাচা-ভাতিজা।
আহত শাহ আলম বলেন, ‘আমার ভাই কামাল হোসেন ও ভাতিজা তাহের আলীর সঙ্গে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে ভাতিজা তাহের আলী আমাকে মারধর করেন। ওই ঘটনায় আমি থানায় জিডি করলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। আজ আমার বড় ভাইয়ের মেয়ের জামাই রুবেলকে মারধরের চেষ্টা করলে আমি তাদের ছাড়াতে যাই। এ সময় ভাতিজা তাহের আলী আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে আঘাত করেন। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে আসলে থানা গেটের সামনে তারা আবারও আমার ওপর হামলা করে। বিষয়টি থানা পুলিশ নিজের চোখে দেখেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ‘মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়া থানার সামনে মারামারির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টিকে/