© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও হারল বাংলাদেশ

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ১৭ জুন, ২০২৬
ভুলে যাওয়ার মতোই এক দিন কাটল বাংলাদেশের। ওয়ানডে সিরিজ জিতলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছেন তাওহিদ হৃদয়-তানজিদ হাসান তামিমরা।

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছেলেদের পর এবার পরাজয় দেখল মেয়েরাও। প্রতিপক্ষ একই অস্ট্রেলিয়া। চট্টগ্রাম থেকে আকাশ পথে ৫ হাজার ১২৬ মাইল দূরের শহর লিডসে হারটি দেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

হারটিও বিশাল ব্যবধানের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে মুদ্রার উল্টো পিঠটাও দেখল লাল-সবুজের দেশটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন জ্যোতি-মারুফা আক্তাররা।




ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। একটা সময় ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে দাঁড়ায় তারা। তখন মনে হচ্ছিল ৫০ রানই অনেক দূর। ষষ্ঠ উইকেটে রিতু মণির সঙ্গে ৩২ রানের জুটি গড়ে কিছুটা সম্মানজনক স্কোর এনে দেন জ্যোতি। শেষ পর্যন্ত অলআউট না হয়ে ৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক। দলের আর একজনই দুই অঙ্কে ঘর স্পর্শ করেছেন, তিনি ১৬ রান করা রিতু মনি।

বিপরীতে রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন জর্জিয়া ভল ও বেথ মুনি। ১০ রান করা মুনিকে আউট করে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন পেসার মারুফা। পরে আর কোনো উইকেট হারাতে না দিয়ে ৬৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। সর্বোচ্চ ৪৫ রান করেন অপরাজিত ওপেনার জর্জিয়া। বিপরীতে অপরাজিত ১৯ রান করা এলিসা পেরি বোলিংয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন।

টিজে/টিকে 

মন্তব্য করুন